ভোটকেন্দ্র পাহারা দেবেন, দুই নম্বরি করতে দেবেন না : কামাল

ফাতেহ ডেস্ক

 জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলো স্বাধীনতার একটা দিক।’

‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতাই থাকে না। ভোটের দিন কেন্দ্র দখল ঠেকাতে ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্র সারাদিন পাহারা দিতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে সরকারের অসৎ উদ্দেশ্য টিকবে না।’

আজ বুধবার বিকেলে সিলেটে হজরত শাহজালালের রহ. মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় ড. কামাল হোসেন বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হয়নি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বড় বড় বিজয় অর্জন করেছি। ঐক্যফ্রন্টের নেতৃত্বে এবারও মানুষ সুষ্ঠু ভোটের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ তার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারলে সারাদেশে ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।’

তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মালিক যে জনগণ সেটা থাকে না। জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।’

ড. কামাল বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ তারিখ সকালে আপনারা ভোট প্রয়োগ করবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।

আগের সংবাদ‘ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে’ ঢাকা ১ আসনের বিএনপিপ্রার্থী আশফাক আটক
পরবর্তি সংবাদনেত্রকোনায় দুই যুবকের লাশ উদ্ধার