আ. লীগের ইশতেহার মঙ্গলবার

ফাতেহ ডেস্ক

মঙ্গলবার নির্বাচনি ইশতেহার দেবে আওয়ামী লীগ। রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের নেতারা জানিয়েছেন, ইশতেহারে উৎপাদনমুখি কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে।

এ ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা থাকবে। তারা আরো জানিয়েছেন, বাংলাদেশকে রপ্তানীকারক দেশে পরিণত করার ঘোষণাও আসবে।

অন্য দিকে ভোটে যুদ্ধাপরাধীদের বর্জনের আহ্বান জানিয়ে, তাদের সঙ্গে রাজনীতি করার লজ্জা ড. কামাল হোসেনরা কোথায় লুকাবেন সে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি বলেন, খামোশ বলে দেশবাসীকে চুপ করিয়ে রাখা যাবে না। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায়, স্বাধীনতার সুফল পেতে বিজয়ের মাসে নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিথি হিসেবে শোনেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের কথা।

নিজ বক্তব্যের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরে, জামায়াত নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের আক্রমণাত্মক আচরণের প্রসঙ্গ সামনে আনেন শেখ হাসিনা।

একাত্তরের ঘাতক-দালাল ও তাদের দোসররা যে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছে সেই একই প্রতীকে ড. কামাল হোসেনসহ অন্যদের ভোটে আসার বিষয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভাপতি।

মুক্তিযুদ্ধবিরোধী ও তাদের রাজনৈতিক দোসরদের হাত থেকে দেশ-জাতি রক্ষায় নির্বাচনে তাদের প্রতীক প্রতিরোধের ডাকও দেন শেখ হাসিনা।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের ধারা অব্যহত রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার তাগিদ তার।

শেখ হাসিনা বলেন, যতই চেষ্টা হোক না কেন, বাংলাদেশকে কেউ মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করতে পারবে না।

আগের সংবাদভোটকক্ষে মোবাইল ফোনসহ সরাসরি সম্প্রচার নিষেধ
পরবর্তি সংবাদভোট পরিচালনায় ঐক্যফ্রন্টের ২৫ সদস্যের কমিটি