হেফাজত নামা, কিছু বিশ্লেষণ পড়ে বেশ মর্মাহত হয়েছি

 

আশরাফ মাহদী ঃ

হেফাজত নিয়ে গতকাল আমাদের ঘরানার অনেকেই লিখেছেন। তবে ৫ই মে’র সেই অবস্থান নিয়ে কিছু বিশ্লেষণ পড়ে বেশ মর্মাহত হয়েছি। ফেসবুকে কিছু পরিচিত মুখদের দেখলাম শুধু সেই রাতের সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো হেফাজতকেই বিতর্কিত করে ফেলছেন। তাদের কাছে ৫ই মে’র আগের হেফাজত কোন গুরুত্ব ও তাৎপর্য বহন করে না।
প্রতিক্রিয়া থেকে নয়, বরং সেই রাতের অবস্থান প্রসঙ্গে কিছু বিষয় পরিস্কার করতে কিছু কথা লিখছি।

হেফাজত অবশ্যই অরাজনৈতিক সংগঠন। কিন্তু এই অরাজনৈতিকতাকে অনেকে ভুল বুঝেন। তারা একটা ঘোরের মধ্যে থাকেন। এবং নিজেই অরাজনৈতিকতার একটা সংজ্ঞা দাড় করান। তাদের মতে অরাজনৈতিক সংগঠন যদি জনগণের কোন দাবী নিয়ে আন্দোলন করে তাহলে সেখানেঃ
-কোন রাজনীতি থাকবেনা
-কোন রাজনীতিবিদ থাকবেনা
-অরাজনৈতিক দাবীর কোন অংশ কোন রাজনৈতিক দলের স্বার্থের সাথে মিলতে পারবেনা।

এগুলোই তাদের কাছে অরাজনৈতিক সংগঠনের আন্দোলনের একমাত্র রূপরেখা। তাই হেফাজতের সাথে রাজনীতির যদি কোন সংযোগ দেখা যায় সেটা উনারা কোনভাবেই মেনে নিতে পারেন না। তখন মনে হয়, বাংলাদেশ তাদের কাছে একটা রাষ্ট্র যেটার যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালে আল্লামা আহমদ শফির নাস্তিকবিরোধী আন্দোলনের ডাকের মাধ্যমে। এর আগে এখানে রাজনীতি বলতে কোন কিছুরই অস্তিত্ব ছিল না।

এইভাবে ভাবার কারণেই তাদের অনেক সমীকরণ মেলেনা। কারণ তখন হিসেবটা যেখান থেকে শুরু করতে হয় সেটা পুরোপুরি আউট অফ কন্টেক্সট একটা ব্যাপার।

বাস্তবতায় আসি,
শাহবাগ ইস্যুতে হেফাজতের সাথে জামাত-বিএনপির একটা সংযোগ যে ছিল সেটাকে অস্বীকার করা যাবেনা। আর সেই সংযোগটা হল শাহবাগের নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়ানো। হেফাজতকে এটা করতে হয়েছিল ইসলাম বিদ্বেষী নেতৃত্বকে রুখে দাড়াতে। আর জামাত বিএনপিকে করতে হয়েছে রাজনৈতিক হুমকিকে দমন করার জন্যে। এখানে জামাত বিএনপির দোষারোপ যারা করেন তাদের নিরপেক্ষভাবে খেয়াল করা উচিত যে রাজনৈতিক হুমকির মুখে পড়লে যেকোন দল একই কাজ করতো।

তাই দাবী আদায়ের ক্ষেত্রে হেফাজতের সাথে জামাত বিএনপির এই সংযোগকে অস্বীকার করা যাবেনা। অস্বীকার করলেই দুনিয়ার যতসব আপত্তি ও প্রশ্নগুলো খুব শক্তিশালী হয়ে উঠবে। আপনি তখন কোন সমীকরণ মেলাতে পারবেন না।
আপনার মনে তখন প্রশ্ন আসবে, সে রাতে তাহলে কোন শক্তিকে ক্ষমতায় বসাতে হেফাজত শাপলায় অবস্থান নিয়েছিল?

আচ্ছা, কিছুক্ষণের জন্য এ কথা মেনেই নিলাম যে জামাত বিএনপি হেফাজতকে পরিচালনা করে ক্ষমতায় বসতে চেয়েছিল। তাহলে এত বছর ধরে রাজনীতি করে আসা দলটার কৌশল এতই কাচা যে এত বড় একটা আন্দোলনকে পরিচালনা করে সরকারের পতনের ছক আকতে পারলোনা? গত তিনমাস সরকারবিরোধী কোন কর্মসূচি পালন করালো না?
এমনকি ৫ই মে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান করতে পাঠিয়ে দিল?
শেষ প্রশ্ন, একবারও বিএনপি থেকে একথা বলা হয়নি যে তারা হেফাজতকে সমর্থন দিচ্ছে। এরপরও কেন খালেদা জিয়া বিএনপি নেতা কর্মীদেরকে হেফাজতের পাশে দাড়াতে বলায় সমস্যাটা কি হল?
একটা পলিটিকাল পার্টি কি সোশাল মুভমেন্টে জনগণের পাশেও দাড়াতে পারেনা?
আপনারা যারা সত্যিই মনে করেন যে জামাত বিএনপি মদদ দিয়ে যাচ্ছিল পেছন থেকে তারা অনুগ্রহপূর্বক এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যান।

হেফাজতের রাতে ওবায়দুর রহমান খান নদভী সাহেব বেশ শংকিত ছিলেন। অনেক চেষ্টা করেছিলেন হেফাজত কর্মীদেরকে বাচাতে।
আমি উনার শংকাকে শ্রদ্ধা করি। এবং একজন কর্মী সমর্থকের জায়গা থেকে আমরাও এই শংকাটাই করেছিলাম।
কিন্তু মনে রাখতে হবে নদভী সাহেব নীতিনির্ধারক পর্যায়ের কেউ ছিলেন না। তাই তাৎপর্যের বিচারে তার শংকাটা আর দশটা হেফাজত কর্মীর মতই বলা যায়। কিন্তু উনার সেই সাক্ষাতকারটা নিয়ে যেভাবে প্রমাণ করা হল যে হেফাজত অন্য কোন শক্তির ইশারাতেই সেরাতে অবস্থান করেছিল এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত একটা লেখা ছিল। এই লোকগুলোর চোখে কেন যেন হেফাজতের ইতিবাচক কোন কিছুই ধরা পড়েনা।

এরা কতটা বাইয়াসড একবার খেয়াল করেন, সরকার যে ক্র‍্যাকডাউন চালিয়ে হেফাজতকে দমন করলো, সেইটা নিয়ে তারা কিছুই বলে না। হেফাজত নেতারা কেন সরকারের মাইরের মুখে টিকতে পারলো না এইটা নিয়ে তাদের সমালোচনা গত পাচ বছর ধরে চলছে। উদ্দেশ্য একটাই, এত বড় একটা আন্দোলনে তারা নাই? অতএব এটাকে বিতর্কিত করে নিজেদের নিস্পাপ বানানোই লাগবে।

সবচেয়ে অবাক হয়েছি যখন দেখেছি বিএনপি জোটের রাজনীতি করেন এমন একজন ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্ব হেফাজতের হাইকমান্ডের উপর অদৃশ্য শক্তির দোষ চাপিয়ে পোষ্ট দিয়েছেন। তিনিও মনে করেন অদৃশ্য শক্তির ইশারায় নাকি হেফাজত সেরাতে অবস্থান করেছে। এই অদৃশ্য শক্তি উনার কাছেও বিএনপির জামাত। তিনি ইসলামী রাজনীতি করেন, বিএনপি জোটের সাথে আছে তার দল, এরপরও কেন উনি এমন ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করলেন সেটা সত্যিই আমি বুঝিনাই।

অথচ সেই রাতে অবস্থানের সিদ্ধান্তের ব্যাপারে একটা সত্য তথ্য এই লোকগুলো একেবারেই চেপে যান। সেই রাতে শাপলা চত্বরে অবস্থান হেফাজতের নেতৃবৃন্দের সিদ্ধান্তেই হয়েছিল। সেই সিদ্ধান্তনামা লিখে যে প্যাডে রেজুলিউশন সাইন করা হয়েছিল সেটাতে সকল নেতাদের সাক্ষরও ছিল। এই দলিল পরবর্তীতে মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। কিন্তু এসব তাদের চোখে না পড়াটাও আমাদেরই দুর্ভাগ্য।

আমি একথা কখনোই দাবী করিনা যে ৫ই মে শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্তই শতভাগ সঠিক ছিল। আমিও মনে করি সিদ্ধান্ত অবশ্যই অন্যকিছু আসতে পারতো। এবং আরো অনেক ভাল কিছুও হতে পারতো। তবে সেটা কি হতে পারতো আপাতত সেই আলোচনা জরুরী না।

জরুরী হচ্ছে, হেফাজত সে রাতে যেই সিদ্ধান্তই নিত সেটা কি কোনভাবেই বিএনপি জামাত বা আওয়ামীলীগের পক্ষে যাওয়ার সুযোগ ছিল না? কোন একটা পক্ষে তো অটোমেটিকভাবেই চলে যেতরে ভাই! বাংলাদেশে এমনটাই তো সব আন্দোলনে হয়ে আসছে।

আমি জানিনা তারা এমন কোন ফর্মুলা দিতে পারবেন কিনা হেফাজত যে ফর্মুলা অনুসরণ করলে বিএনপির পক্ষেও যেত না, আওয়ামীলীগের পক্ষেও যেত না। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির বাস্তবতা বলে এটা আদৌ সম্ভব ছিলনা। এই বাস্তবতাকে মেনে নিন।

আর যদি একান্তই না মানতে পারেন তাহলে ভাই আল্লাহর ওয়াস্তে ঘৃণার আর হতাশার চর্চা একটু কম করে ইতিবাচক যা ঘটছিল সেগুলাও কিছু বলেন। সুস্থ ইসলামী রাজনীতি করার একটা পরিবেশ তৈরী করেন। আরেকটা হেফাজত ঘটলে আপনারা কি করবেন সেটা নিয়া ভাবেন।
পরস্পরে ঘৃণার চর্চা করে নিজেদের ইতিহাসকে কলুষিত করতে আপনারা যে ইসলামী রাজনীতির কণ্টকাকীর্ণ পথকে আরো পিচ্ছিল করে তুলছেন সেটা অনেক বড় একটা ভুল হচ্ছে। এই ভুলের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবেনা।

#হেফাজতনামা

আগের সংবাদস্মৃতিতে অম্লান ৫ই মে, জেনে নিন হেফাজতের কথা
পরবর্তি সংবাদশাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ হাটহাজারীতে মুহাদ্দিস হিসাবে নিয়োগ পেয়েছেন