নির্বাচনে ব্যয় ৭৩২ কোটি টাকা

ফাতেহ ডেস্ক

প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় ৮১ লাখ থেকে বেড়ে একাদশ সংসদ নির্বাচনে খরচ দাঁড়িয়েছে ৭৩২ কোটি টাকা।

এ অর্থের প্রায় ৬৫ থেকে ৭০ ভাগ খরচ হয় আইনশৃংখলা খাতে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পরিসর বাড়ায় প্রতিবার নির্বাচন পরিচালনার ব্যয় বাড়াটা অস্বাভাবিক নয়। তবে খেয়াল রাখতে হবে অপচয় রোধে।

১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় মোট ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৫২ লাখ। আর এই নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের খরচ হয় ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১০ কোটি ৪২ লাখ। সারা দেশে প্রায় ৪০ হাজার ভোট কেন্দ্রে নির্বাচন হবে। এতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ৪০ হাজার প্রিসাইডিং অফিসার ও প্রায় ছয় লাখ পোলিং অফিসার দেশব্যাপী নির্বাচনী দায়িত্বে থাকবেন। এই নির্বাচন পরিচালনার জন্য ৭৩২ কোটি টাকা বরাদ্দ রেখেছে কমিশন।

এবারের নির্বাচনের মোট বরাদ্দের ৪৫০ কোটি টাকা রাখা হয়েছে আইনশৃঙ্খলা খাতে। যা মোট বরাদ্দের প্রায় ৬৫ ভাগ। যদিও বরাদ্দের দ্বিগুণ অর্থ চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যা অনুমোদন করলে হাজার কোটি টাকা ছাড়াবে এবারের নির্বাচনী ব্যয়।

২০১৪ সালের নির্বাচনে মোট ২৮৩ কোটি টাকা ব্যয় করা হয়। এরমধ্যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২০০ কোটি টাকা এবং ১৪৭টি সংসদীয় আসনে নির্বাচন পরিচালনার জন্য ৮৩ কোটি টাকা ব্যয় হয়। বাকি ১৫৩ টি সংসদীয় আসনে ইসিকে ভোটের আয়োজন করতে হয়নি।

আগের সংবাদহাটহাজারীর ছাত্র আকবর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ, সহপাঠীসহ গ্রেপ্তার ২
পরবর্তি সংবাদরপ্তানিতে অবদান রাখায় ১৭৮ জনকে সিআইপি কার্ড