
ফাহিম রাহমান
যশোরের ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর জামানের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে কেন্দ্র পাহারার কাজ দেওয়ার জন্য তিনি পাঁচ লক্ষাধিক টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঝিকরগাছায় ৯৪টি ভোটকেন্দ্রে ১১২৮ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দিতে উপজেলা কর্মকর্তা শাহিনুর জামান প্রত্যেকের কাছ থেকে পাঁচ শ টাকা করে ঘুষ নিয়েছেন। সংশ্লিষ্ট এলাকার দলনেতা ও দলনেত্রীদের মাধ্যমে তিনি এই টাকা নিয়েছেন।
ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার দলনেতা আল ইমরান জানান, ৯০ জন সদস্যের নিয়োগের জন্য কর্মকর্তা শাহিনুর জামানকে ৪২ হাজার টাকা ঘুষ দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হবে বলেও জানান আল ইমরান।
একই এলাকার দলনেত্রী রেহেনা খাতুন বলেন, ৩০ জনের কাছ থেকে পাঁচ শ টাকা করে নিয়ে স্যারকে (শাহিনুর জামান) দিয়েছি। আমারটা লাগেনি। স্যার আমাকে তিন শ টাকা দিয়েছেন মোবাইল খরচ।
শিমুলিয়া ইউনিয়নের দলনেত্রী তপতি রানী ও নির্বাসখোলা ইউনিয়নের দলনেতা নাজমুল হোসেনও এই কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেন, অস্ত্র চালানোর ট্রেনিং থাকা সত্ত্বেও টাকা না দেওয়ায় তাঁর নিয়োগ দেওয়া হয়নি।
ওই এলাকার দলনেতা হাবিবুর রহমান তাঁর কাছে ৫০০ টাকা ঘুষ চেয়েছিলেন। পৌরসভার কাটাখাল এলাকার আহতাব হোসেন জানান, দলনেতার কাছে পাঁচ শ টাকা দিয়েছেন ভোটের ডিউটি নিতে।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর জামান জানান, অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
