
ফাতেহ ডেস্ক
ভারত বিরোধিতা বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলা চলে। দলের একটি বড় অংশ এখনও মনে করে-ভারত কখনই বিএনপিকে এ দেশের ক্ষমতায় দেখতে চায় না।তবে বিএনপির উদারপন্থী মহল বরাবরই এ ধারণার বিপরীতে। তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়েছে গত কয়েক বছর। সেক্ষেত্রে তারা কতটুকু সফল হয়েছে, সময়ই তা বলে দিবে।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট। এই জোটটির নেতৃত্বে বাংলাদেশের সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।
খালেদা জিয়া ও তারেক রহমানহীন বেসামাল বিএনপিকে ভোটের রাজনীতিতে উদ্বুদ্ধ করেছেন ড. কামাল হোসেনই। তার দূরদর্শী নেতৃত্বে আস্থা রেখে বিএনপি আজ নির্বাচনে।
তাই জোটের প্রধান শরিক বিএনপির কূটনীতি নিয়েও ড. কামালকে প্রশ্নের মুখোমুখি হতে হয়।
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে ড. কামাল বলেন, ‘ভারতকে বিএনপি বলেছে-তারা ভুল ছিল। খালেদা জিয়া যখন ভারত গেলেন, তখন তিনি তাদের এটি বলেছেন। এটি তাদের ভুল উপলব্ধির প্রক্রিয়ার অংশ, খালেদা জিয়া নিজেদের অবস্থান সংশোধন শুরু করেছেন।’
বুধবার ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
