
ফাতেহ ডেস্ক
আজ বিকাল থেকেই ভোটকেন্দ্র পাহারা দিতে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে সকাল-সকাল ভোট দিতে হবে। ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রের আশপাশে অবস্থান করতে হবে।
অন্যদিকে প্রশাসনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা- এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এ অভিযোগ করেন তিনি। এদিকে, নির্বাচনি প্রচারের শেষ দিনেও গ্রেপ্তার আতঙ্কে মাঠে ছিলেন না ঢাকায় ধানের শীষের অধিকাংশ প্রার্থী।
ধানের শীষের নির্বাচনি প্রচারণায় বুধবার উত্তরবঙ্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচারের শেষ দিনে ঠাকুরগাওয়ে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেন ফখরুল।
এদিকে, নির্বাচনী প্রচারের শেষ দিনে ঢাকায় প্রচারে ছিলেন ঐক্যফ্রন্টের দু’একজন প্রার্থী। ঢাকা- ৫ আসনের নবী উল্লাহ নবী যাত্রাবাড়ি এলাকায় ধানের শীষে ভোট চান।
তবে, ঢাকা-৪, ঢাকা-১০ সহ অধিকাংশ আসনে প্রচারণায় ছিলেন না ঐক্যফ্রন্ট প্রার্থীরা। কর্মী-সর্মথকদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। সারা দেশে ধানের শীষের প্রার্থী ও কর্মীর পাশাপশি নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বিএনপি।
