সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোটের সামগ্রী প্রেরণ

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সকাল থেকে চলছে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নানা সামগ্রী পৌঁছানোর কাজ।

সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করছেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্ধ্যার মধ্যে সবগুলো কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ হচ্ছে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে। এর মধ্যে মহানগরে রয়েছে ৬টি আসন আর জেলার দশটি আসন। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৫৬ লাখের বেশি।

বান্দরবানের জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ১৭৬টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ চলছে। এর মধ্যে ১৩টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবান সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন।

বরিশালে সকাল ১১টা থেকে ভোটের সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানোর কাজ শুরু হয়। উপজেলা সদর থেকে ৮০৫টি কেন্দ্রে সরঞ্জাম সরবরাহের সময় দায়িত্বে থাকছে পর্যাপ্ত আনসার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব কাজ তদারকিতে গঠন করা হয়েছে বিশেষ সেল।

ফেনীর তিনটি আসনের সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে দায়িত্ব পালন করছেন ৫টি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য।

লক্ষ্মীপুরে ৪টি আসনের ৪৪৬ ভোট কেন্দ্রের মধ্যে তিন শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এসআই, এএসআই ও আনসারসহ মোট ১৭ নিরাপত্তাকর্মী।

ময়মনসিংহের টাউনহল জিমনেসিয়াম থেকে ১৭৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। সরঞ্জাম যাচ্ছে জেলার ১১ আসনের ১ হাজার ৩শ ২৩টি ভোট কেন্দ্রে। এ কাজ নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুরের ৯২২টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬৮২ জন পুলিশ, ৫৭০ জন সেনা সদস্য, ১৩ প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্য।

আগের সংবাদদল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
পরবর্তি সংবাদদুই নম্বরি না হলে আমরাই জিতব : ড. কামাল