নির্বাচনী সহিংসতায় ১২ জেলায় নিহত ১৭

ফাতেহ ডেস্ক

নির্বাচনী সহিংসতায় ১২ জেলায় নিহত হয়েছেন মোট ১৭ জন। এদের মধ্যে ১১ জনই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তবে গত নির্বাচনের চেয়ে সহিংসতা ও নিহতের সংখ্যা এবার অনেক কম, বলছে আওয়ামী লীগ। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে, কয়েকদিনের সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন ২৪ জন।

বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে, নির্বাচনের আগের দিন থেকেই সহিংস কার্যক্রম চালিয়েছে বিএনপি প্রার্থীর কর্মী- সমর্থকরা।

নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কর্মীদের হামলায় নিহত হন যুবলীগ কর্মী দীন মোহাম্মদ। ভোটের দিন জেলার বাঁশখালী ও পটিয়ায় আলাদা সংঘর্ষে মারা যান আরও ২ জন। এদের একজন জাতীয় পার্টি ও অন্যজন বিএনপির সমর্থক।

ভোটের দিন কক্সবাজারের পেকুয়ায় বিএনপির সমর্থকদের হামলায় নিহত হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক। আর রাঙামাটির কাউখালীতে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে মারা যান যুবলীগ নেতা বাছির উদ্দিন। এ ঘটনায় আহত কমপক্ষে ২০ জন। ব্রাহ্মণবাড়িয়া সদরে সন্ত্রাসী হামলায় মারা যান আওয়ামী লীগ কর্মী ইছরাইল।

কুমিল্লার নাঙ্গলকোট ও চান্দিনায় সহিংসতায় প্রাণ গেছে বিএনপির দুই কর্মীর। সিলেটের বালাগঞ্জে ভোটকেন্দ্রে গোলযোগ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা সোহেল।

এ ছাড়া বগুড়ার কাহালুতে হামলায় নিহত হন আওয়ামী লীগ কর্মী আজিজুল হক এবং আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা জুয়েল। রাজশাহীর তানোর ও মোহনপুরে মারা গেছেন দুই আওয়ামী লীগ কর্মী। এ ছাড়া গোদাগাড়ীতে ভোটের দিন সংঘর্ষে আহত এক আওয়ামী লীগ কর্মী সোমবার সকালে মারা যান হাসপাতালে।

যশোরের অভয়নগরে নিহত হয়েছেন বিএনপি প্রার্থীর এজেন্ট শামসুর রহমান। নাটোরের নলডাঙ্গা ও নরসিংদীর শিবপুরে মারা যান দুই আওয়ামী লীগ কর্মী। গাজীপুরের জয়দেবপুরের হারিণাল এলাকায় নিহত হন যুবলীগ নেতা লিয়াকত।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে হামলা চালায় বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

নির্বাচনী সহিংসতায় ৭ সরকারি কর্মকর্তা এবং কমপক্ষে ৭৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। হতাহতের ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থার কথাও জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

আগের সংবাদপঞ্চম থেকে একাদশ সংসদ নির্বাচন, একটি পরিসংখ্যান
পরবর্তি সংবাদনির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে : ইসি