‘আরও ৫ বছর সময় পেলাম, বাকি কাজগুলো করতে পারবো’

ফাতেহ ডেস্ক

গতকালকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ‘নিরঙ্কুশ জয়’কে বিজয়ের মাসে বাঙালি জাতির অন্যতম বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে আরও পাঁচ বছর কাজ করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

আজ সোমবার সকালে গণভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল পুননির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি আবারও বলবো একটা কথা যে, ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না, বা এটা দিয়ে আমার কিছু না। আমি মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের কল্যাণ করা এবং সেটাই একমাত্র লক্ষ্য আমার।

কারণ যে কাজটা আমার বাবা করে যেতে পারেননি, তার এ প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের প্রিয় মানুষগুলো তাদের জন্য তিনি সবসময় যে চিন্তা করতেন এবং তিনি এ দেশটাকে গড়ে তুলতে চেয়েছিলেন একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে। এই নির্বাচনের মধ্য দিয়ে যখন আরও পাঁচটা বছর হাতে সময় পেলাম অন্তত কাজগুলো করতে পারবো।

এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ডিসেম্বর মাস, আজকে শেষ হয়ে যাবে। আগামীকাল নববর্ষ, সবাইকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর বিজয়ের মাসে আরেকটি বিজয় বাঙালির জন্য এসেছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই।

আগের সংবাদফাসাদের উৎসব ও সামাজিক পরিবর্তন
পরবর্তি সংবাদসারাদেশে পাঠ্যপুস্তক উৎসব মঙ্গলবার