এখনই রাম মন্দির নয়, জল্পনা উড়িয়ে জানালেন নরেন্দ্র মোদি

ফাতেহ ডেস্ক 

এখনই রাম মন্দির নির্মাণের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাত্‍কারে মোদি স্পষ্ট ভাষায় জানালেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য কোনও অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, তিনি মন্দির নির্মাণে প্রধান বাধা হিসাবে কাঠগড়ায় তুললেন কংগ্রেসকে।

মঙ্গলবারের সাক্ষাত্‍কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইস্তেহারে বিজেপি আগেই বলেছিল যে, সংবিধানের আওতায় থেকে আমরা এই বিষয়ে সমাধানসূত্র বের করব। তাই আগে আইনি প্রক্রিয়া শেষ হোক। তারপর সেই প্রক্রিয়া শেষে সরকার হিসাবে আমাদের যা কর্তব্য পালন করা উচিত, আমরা সেই কর্তব্য পালন করতে প্রস্তুত।

এমনকি, এখনও রাম মন্দির তৈরি না হওয়ার জন্য তিনি দোষারোপ করেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মন্দির নির্মাণের শুনানিতে শীর্ষ আদালতে বারবার বাধার সৃষ্টি করছেন কংগ্রেসের আইনজীবীরা। তাই পিছিয়ে যাচ্ছে মন্দির নির্মাণের কাজ।

প্রসঙ্গত, এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে অযোধ্যা মামলা। কিন্তু বিতর্কিত ওই জমিতে মন্দির নির্মাণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁদের দাবি, অর্ডিন্যান্স এনে রাম মন্দির গড়ার পথ প্রশস্ত করতে হবে মোদি-শাহদের।

তা না হলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংগঠনগুলি। স্পষ্ট ভাষায় আরএসএস জানিয়েছে, প্রয়োজনে ১৯৯২-এর মতো আন্দোলনে যাবে তাঁরা। এমনকী, মন্দির ইস্যুতে দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহকে।

আগের সংবাদ২০১৮ সালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে বিশ্ববাসী
পরবর্তি সংবাদনির্বাচনী ফলাফলের ‘মিথ্যা তথ্য’ দিয়ে সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আটক ১