মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে কথা বলতে রাজি নন অংশগ্রহণকারী বিএনপি নেতারা

ফাতেহ ডেস্ক

আজ শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সঙ্গে তার বাসায় বিশেষ বৈঠক করেছে বিএনপি। বেলা সোয়া ১১টার শেষ হয় এ বৈঠক।

সোয়া ১ ঘণ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুপক্ষের কেউ কোনো কিছুই জানায়নি। এমনকি বৈঠক থেকে বেরিয়ে বিএনপির প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি। অন্য কোনো সময় এ বৈঠকের বিষয়ে কিছু জানানো হবে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশের কোনো কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে বিএনপির এটিই প্রথম বৈঠক।

একাদশ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মহাজোট ২৮৮ আসনে জয় পেয়েছে। অন্যদিকে সারা দেশে মাত্র সাতটি আসন পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট।

ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার শপথগ্রহণ করেছেন মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ধানের শীষের প্রার্থীরা। এ অভিযোগে তারা শপথও নেননি।

এদিকে নির্বাচনের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলেও মন্তব্য করেছেন বিদেশি পর্যবেক্ষকরা।

নির্বাচন সফল করার জন্য বাংলাদেশি জনগণের প্রশংসাও করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নির্বাচন নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে দেশটি।

আজকের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার আভাস পাওয়া গেছে।

বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

আগের সংবাদশপথ না নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট পুরনো ভুলের পুনারাবৃত্তি করছে : কাদের
পরবর্তি সংবাদদেশে এখন আওয়ামী লীগের একক তালুকদারি : রিজভী