
ফাতেহ ডেস্ক
নির্বাচনের পর দেশব্যাপী নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। কারাগারে খালেদা জিয়া অসুস্থ দাবি করে এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকার কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেনা।
বিএনপি চেয়ারপারসনের জামিন সরকার বারবার বাধাগ্রস্ত করছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, যে মিথ্যা মামলায় ইতোপূর্বে অনেকেই জামিন পেয়েছেন, সেই মামলাগুলোতেই আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। কুমিল্লার মিথ্যা নাশকতার মামলায় বারবার তারিখ পিছিয়ে হয়রানি করা হচ্ছে।
আদালতে ন্যায়বিচার পেলে কুমিল্লায় দায়ের করা মিথ্যা নাশকতা মামলায় বিচারিক আদালতেই বেগম জিয়া জামিন পেতেন। আদালত জামিনও দিচ্ছে না আবার জামিন নামঞ্জুরও করছে না। ফলে বেগম জিয়াকে উচ্চ আদালতে যাওয়ার পথও রুদ্ধ করে দেয়া হচ্ছে।
