
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নতুন মন্ত্রিসভার ৪৬ জন সদস্যের প্রত্যেকের জন্য একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার উপ-সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে স্বাক্ষর করা আলাদা দু’টি আদেশ বুধবার প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দ্যা মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপ-মন্ত্রীগণ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত একান্ত সচিবগণকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’
এতোদিন মন্ত্রিসভার সদস্যদের পছন্দে পিএস নিয়োগ হলেও এবার জনপ্রশাসন থেকে তার ব্যতয় ঘটেছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ৩ জানুয়ারি এমপিদের শপথের পর ৭ জানুয়ারি মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির পরিচালক গৌতম চন্দ্র পাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে অর্থ বিভাগের উপসচিব ড. মো. মুনসুর আলম খান পিএস হিসেবে থাকবেন।
