শিক্ষককে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগ নেতার, উত্তপ্ত যবি ক্যাম্পাস

ফাতেহ ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ডঃ ইকবাল কবির জাহিদ একটি মোবাইল কল রেকর্ড শুনিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়েছেন।

ডঃ ইকবাল বলেন, সাবেক ছাত্রলীগ নেতা বিপুল বেনামে বিশ্ববিদ্যালয়ের টেন্ডারে অংশ নিয়ে ২১ লাখ টাকার ফার্নিচার সরবরাহ করে। যা অত্যন্ত নিম্ন মানের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ওই নিম্ন মানের ফার্ণিচার বুঝে নিয়ে বিল ছাড় না করার কারণে তিনি ডঃ ইকবাল কবির জাহিদকে হত্যার হুমকি দিয়েছেন। একই সঙ্গে এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি গত সংসদ নির্বাচনের কাজে ব্যবহৃত নৌকা প্রতীক ক্যাম্পাস থেকে সরিয়ে ফেলার ঘটনাকে পুজি করে একটি মনগড়া বক্তব্য তৈরী করে একজন সিনিয়র শিক্ষককে হত্যার হুমকি প্রদানসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ডঃ ইকবাল।

এই হত্যার হুমকির সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা।

অন্য দিকে অভিযুক্ত একজন শিক্ষককে বহিস্কারের দাবিতে রাজপথে নেমেছেন ছাত্রলীগের ব্যানারে শিক্ষার্থীরা। ফলে শিক্ষক কর্মকর্তা আর কর্মচারীদের মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। এই দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে গোটা ক্যাম্পাসে। সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শিক্ষককে ছাত্রলীগ নেতা কর্তৃক হত্যার হুমকির ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আাশ্বাস দিয়েছেন ভিসি ডঃ আনোয়ার হোসেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আশ্বাস প্রদান করে যারা যশোর শহরে বসে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার হীন চেষ্টা করছেন তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এইচআর

আগের সংবাদপানিভর্তি বালতিতে পড়ে প্রাণ হারাল ১৪ মাসের শিশু
পরবর্তি সংবাদজামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তাও করিনি : ড. কামাল