
ফাতেহ ডেস্ক
সাতক্ষীরায় এবার ধর্ষণের শিকার হলো মানসিক প্রতিবন্ধী শিশু (৯)। ধর্ষণের পর হাসপাতালে নিয়ে যেতেও বাধা দিয়েছে ধর্ষক সাজেদুল ও তার সাঙ্গপাঙ্গ। সোমবার বিকালে শহরের তালতলা হাইস্কুল গেটের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে। আটক ধর্ষক সাজেদুল ইসলাম তালতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
ধর্ষিতার পিতা আব্দুল লতিফ জানান, তারা ইটভাটায় কাজ করার জন্য প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে রেখে যান। বাড়িতে কেউ না থাকায় ধর্ষক সাজেদুল ইসলাম তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার বাড়িতে। মেয়েটিকে ধর্ষণ করে খাটের তলায় লুকিয়ে রাখে। এ সময় মেয়ের আর্তচিৎকারে এলাকার লোকজন সাজেদুলের বাড়িতে যেয়ে তার খাটের তলা থেকে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় লোকের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে সাজেদুল ও তার বাহিনী বাধা দেয় এবং তাদের ব্যাপক মারপিট করে। তাদের হামলায় মেয়ের বাবাসহ হাকিম, মোবারক রোজিনা খাতুন মারাত্মক আহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহামান জানান, এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে। ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।
এইচআর
