
আন্তর্জাতিক ডেস্ক
কাতারে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে আরবি ভাষার ব্যবহারকে বাধ্যতামূলক করে বিশেষ আইন প্রণীত হয়েছে। গত ১৪ই জানুয়ারী সোমবার কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল-থানি ‘আরবি ভাষা সংরক্ষণ আইন, ২০১৯/৭’ নামে এ আইনে সাক্ষর করেছেন। এ আইন অনুসারে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে আরবি ভাষা প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী এখন থেকে দেশটির সব আইন, আইনের খসড়া, সরকারের সাথে বর্হিবিশ্বের যোগাযোগ, সব ধরনের চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে আরবি ভাষা ব্যবহার করতে হবে। প্রয়োজনে অন্য কোন ভাষার অনুবাদ যোগ করা যেতে পারে।
এ ছাড়া দেশের সব সরকারি প্রতিষ্ঠানের শিক্ষামাধ্যম হবে আরবী। প্রয়োজনে অন্য কোন ভাষার সাহায্য নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে মন্ত্রী পরিষদ থেকে ঐসব বিষয়গুলো ভিন্ন ভাষায় পাঠ দেওয়ার পূর্বানুমতি নিতে হবে। বেসরকারী ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আরবী ভাষা শিক্ষাদান বাধ্যতা মূলক থাকবে। দেশি-বিদেশি সব বাণিজ্যিক কোম্পানির নাম আরবীতে লিখতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর নামও ভিন্ন ভাষার পাশাপাশি আরবীতে লিখতে হবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল (১২লক্ষ টাকা প্রায়) জরিমানা করা হবে।
এইচআর
