ঐক্যফ্রন্টের বৈঠকে কাদের সিদ্দিকীও যাননি

ফাতেহ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে যাননি কৃষক শ্রমিক জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীও।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকটি শুরু হয়। চলে প্রায় ৫০ মিনিট।

বৈঠকে যোগ দেয়নি জোটের প্রধান দল বিএনপিরও কেউ। বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যাননি বৈঠকে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তারাও বৈঠকে যোগ দেননি।

ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘তাদের আসার কথা ছিল। কিন্তু মামলা ও অন্যান্য কাজে ব্যস্ত থাকায় তারা আসতে পারেননি।’

তবে বিএনপির নেতা খন্দকার মোশাররফ বলেন, ‘আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।’

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মাদ মুনসুর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আগের সংবাদজাতীয় সংলাপের সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের
পরবর্তি সংবাদছন্দ ও দ্বন্দ্বের এই হাঁটা (২)