বিএনপিতে ভাঙন ধরাতে এবার বি. চৌধুরীর মিশন

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর অনেকটাই মুষড়ে পড়েছেন বিএনপির সিনিয়র নেতারা। দলীয় কর্মসূচি থেকে শুরু করে নিজ এলাকায়ও যাচ্ছেন না তারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন’ এমন গুঞ্জন এখন দলটির ভেতরে ও বাইরে।

যার কারণে মহাসচিবের ফোন ধরছেন না সিনিয়র নেতারা। এই সুযোগে আওয়ামী লীগ নেতারাও বিএনপির ‘অস্তিত্ব’ কিংবা ‘ভাঙন’ নিয়ে দুবেলা প্রশ্ন তুলেছেন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলটির ঐক্য ধরে রাখতে হিমশিম খাচ্ছেন নীতিনির্ধারকরা।

সূত্র মতে জানা যায়, বিএনপি থেকে অনেক নেতা বের হয়ে যেতে পারেন বলে আলোচনা চলছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বেশ কজন বিকল্পধারায় যোগ দিচ্ছেন। বিকল্পধারার শীর্ষ নেতাদের সঙ্গে তাদের নিয়মিত বৈঠক হচ্ছে।

খুব শিগগিরই বিকল্পধারায় বিএনপি নেতাদের যোগদান দৃশ্যমান হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিকল্পধারার অন্যতম নেতা মাহী বি. চৌধুরী। আসন্ন উপজেলা নির্বাচনে বিকল্পধারা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে বলেও জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সঙ্গে বিকল্পধারা চেয়ারম্যানের দুদফা কথা হয়েছে বলে জানা যায়।

বিকল্পধারার একজন নেতা এ বিষয়ে বলেছেন, শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয় স্থানীয় নেতৃত্ব থেকে বিএনপির বেশ কিছু নেতা নিজেরাই বিকল্পধারায় যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

উপজেলা নির্বাচনকে ঘিরেই মাঠ পর্যায়ে বিএনপি নেতৃত্বের অনেকেই তাদের সাবেক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

একটি সূত্র বলছে, উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না-এরকম আনুষ্ঠানিক ঘোষণা হলেই বিএনপি থেকে বিকল্পধারায় যোগ দেয়ার হিড়িক পড়বে। বিকল্পধারা উপজেলা নির্বাচনের মাধ্যমে তার নতুন শক্তি জানান দেবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। কিন্তু কী হবে এটা অল্প কিছু দিনের মধ্যেই বুঝা যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আগের সংবাদচা দোকানে প্রকাশ্যে ধূমপান করায় তরুণী গ্রেফতার
পরবর্তি সংবাদধর্ষণ কেন বাড়ছে?