‘সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১২ ইরানি সেনা নিহত’

ফাতেহ ডেস্ক

সিরিয়ায় ইরানি স্থাপনা ও সিরীয় ঘাঁটি টার্গেট করে রোববার রাতভর এবং সোমবার সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ২১ জন নিহত হয়েছে, যার মধ্যে ১২ জনই ইরানের বিশেষ বাহিনী রিভল্যুশারি গার্ডের সদস্য।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।

মানবাধিকার সংগঠনটি মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে উল্লেখ করে ইসরায়েলি গণমাধ্যম হারেটজ ও টাইমস অব ইসরায়েল বলেছে, সিরিয়ায় ইসারায়েলের ওই বড় ধরনের হামলায় ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন ইরানের রিভল্যুশারি গার্ডের সদস্য, ছয়জন সিরীয় সেনা ও মিলিশিয়া মেন এবং বাকিরা ‘বিদেশি’।

তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান একই মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, ওই হামলায় ইরানিসহ ১১ জন নিহত হয়েছে। আর সিরিয়া ও ইরানের মিত্র রাশিয়া বলেছে, হামলায় চার সিরীয় সেনা নিহত হয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ায় রুশ সামরিক কমান্ডের বরাত দিয়ে দেশটির (রাশিয়া) গণমাধ্যম ইন্টারফ্যাক্স গতকাল সোমবারই জানায় যে, ইসরায়েলি হামলায় চার সিরীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া সিরিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলের ছোড়া ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও উল্লেখ করা হয়।

আগের সংবাদঢাকা উত্তর সিটিতে ভোট ২৮ ফেব্রুয়ারি
পরবর্তি সংবাদনেতানিয়াহুকে ‘বার্তা’ দিতেই আল কায়দার শান্তিরক্ষা মিশনে হামলা