
ফাতেহ ডেস্ক
আসছে উপজেলা পরিষদ নির্বাচন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাম গণতান্ত্রিক জোট নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে এ জোটের কোনো কোনো নেতা বলছেন, তাদের অংশ নেওয়ার সম্ভাবনা কম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সরকার উপজেলা নির্বাচন ও ডিএনসিসির উপনির্বাচনের প্রস্তুতি নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসিতে ও মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ বাদে অন্য দলগুলোর নির্বাচন নিয়ে তেমন তোড় জোর দেখা যাচ্ছে না।
৩০ ডিসেম্বরের নির্বাচনে আটটি বাম দল দেড়শ আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে ইসলামী আন্দোলন ২৯৯ আসনে প্রার্থী দেয়। বিএনপি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে। তারাও কারচুপি, জালিয়াতির অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা বা ডিএনসিসি নিয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৭ জানুয়ারি রোববার জোটের শরিকেরা বসে সিদ্ধান্ত নেবে।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন ডাকসু নিয়ে ভাবছি। সেখানে অংশগ্রহণ করব। উপজেলা বা উত্তর সিটির উপনির্বাচনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। ২৭ জানুয়ারি বৈঠক হবে। সেখানে নির্বাচন, আন্দোলন নিয়ে আলোচনা করা হবে।’
