
বিশেষ প্রতিবেদক
অনেক বাদ-বিবাদের পর তাবলিগের চলমান বিবাদের দুই পক্ষ সাদপন্থী ও শুরাপন্থীদের যৌথ আয়োজনে এ বছরের বিশ্ব ইজতেমা অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। গত ২৪ জানুয়ারি ধর্মমন্ত্রণালয়ে বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের নিয়ে একটি বিশেষ বৈঠক করার পর ইজতেমার নির্ধারিত তারিখ জানান ধর্মপ্রতিমন্ত্রী হাফেজ শেখ মো. আবদুল্লাহ।
এর আগের দিন ২৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীর নেতৃত্বে উলামায়ে কেরাম ও তাবলিগি মুরব্বিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে যৌথভাবে ইজতেমা আয়োজনের ব্যাপারে সম্মত হন বিবাদমান উভয়পক্ষ। তবে উলামায়ে কেরামের পক্ষ থেকে শর্ত ছিল তাবলিগের বিতর্কিত আমির মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন না।

সে মুতাবিক কাকরাইল মারকাজ পরিচালিত মাদ্রাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদের অফিসিয়াল প্যাডে কাকরাইলের অন্যতম মুরব্বি মাওলানা জুবায়ের সাহেব স্বাক্ষরিত একটি চিঠি বিশ্বের যে যে দেশে তাবলিগের কাজ চলমান, সবগুলো দেশের তাবলিগি সাথিদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে গুরুত্বের সঙ্গে উল্লেখ রয়েছে, এ বছরের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভি উপস্থিত থাকবেন না। সকল সাথিকে বরাবরের মতো তাবলিগের প্রয়াত তিন হজরতজির নিয়মানুবর্তিতা অনুযায়ী ইজতেমায় অংশগ্রহণের আহ্বান করা হয় চিঠিতে।
এইচআর
