জাতীয় নির্বাচনের মতো ‘নিরপেক্ষ’ ও ‘গ্রহণযোগ্য’ উপজেলা নির্বাচন করার নির্দেশ সিইসির

ফাতেহ ডেস্ক

জাতীয় একাদশ নির্বাচন যেমন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছিল তেমনিভাবে উপজেলা নির্বাচনেও একই ভূমিকা পালন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ বুধবার সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ইভিএম নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইভিএম আমরা ধারণ করি।

ইভিএমের উপরে আমাদের আস্থা, বিশ্বাস, নানা কারণে এ কথা আপনাদের সামনে আমরা বার বার বলেছি। যত্নসহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন। নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে মানুষের মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়। সেটা আপনাদের ওপর নির্ভর করে।

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৬টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য সেটা কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। সে অসুবিধাগুলো নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় এরকম হতে পারে।

আগের সংবাদইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র : মাহাথির
পরবর্তি সংবাদপদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী