
ফাতেহ ডেস্ক
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতি, অনিয়ম, অশান্তি ও বিশৃঙ্খলামুক্ত করতে যা যা করণীয় তা-ই করব। এ মন্ত্রণালয়ের নামের সার্থকতা কাজের মাধ্যমে প্রমাণ করব।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ দফতরে রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর কার্যনির্বাহী সদস্যরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।
আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালনে আমি নবীন হলেও ইতোমধ্যে আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছায় আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ সহ-সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, কোষাধ্যক্ষ রকীবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু প্রমুখ।
