
ফাতেহ ডেস্ক
সৌদি আরবের সরকার নারীদেরকে ভাড়ায় গাড়ি না দিলে মালিকদের ওপর শাস্তির বিধান আরোপ করেছে। সৌদির প্রভাবশালী গণমাধ্যম আল-হায়াত জানিয়েছে, সম্প্রতি দেশটির সরকারি সংস্থা পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রতিদিন আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছে যে, গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে উপেক্ষা করা হয় এবং নারীদের বিশাল অংশ এ ব্যাপারে একটা বিহিত করার আবেদনও জানিয়েছে।
এজন্য শৃঙ্খলার স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে, নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকপক্ষকে শাস্তির সম্মুখীন করা হবে।
পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির মুখপাত্র আব্দুল্লাহ সায়িল আল-মুতাইরী আল-হায়াতকে বলেন, ড্রাইভিং লাইসেন্স ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালিকপক্ষ নারীদের গাড়ি ভাড়া না দেওয়ার কোনো কারণ আমার বোধগম্য নয়। এ ক্ষেত্রে কোন অজুহাত ছাড়াই যদি নারীকে গাড়ি ভাড়া না দেওয়া হয় তাহলে মালিকপক্ষকে ১ হাজার রিয়াল জরিমানা করা হবে।
উল্লেখ্য, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির ক্ষমতায় অংশীদার হওয়ার পরে ‘মধ্যমপন্থী ইসলাম’ প্রত্যাবর্তনের নাম করে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে গত বছরের শুরুর দিকে দেশটিতে নারীদেরকে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা প্রদান করা হয়।
