তিনদিনের ইজতেমা অনুষ্ঠিত হবে চারদিনে, নেতৃত্ব হয়েছে ভাগাভাগি

রাগিব রব্বানি

অবশেষে পৃথকভাবেই ইজতেমা করছেন তাবলিগের বিবদমান দুই পক্ষ। তবে তিনদিনের জায়গায় দুদিন করে উভয়পক্ষ মোট চারদিন ইজতেমা করবেন। নির্ধারিত তারিখ ১৫ ফেব্রুয়ারিই শুরু হবে ইজতেমা। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

আজ মঙ্গলবার ধর্মমন্ত্রণালয়ে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে তাবলিগের উভয়পক্ষের শুরা সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদপন্থী তাবলিগিরা কোনোভাবেই চাচ্ছিলেন না একসঙ্গে ইজতেমা করতে। তাঁরা নিজেদের মতো আলাদাভাবে ইজতেমা করার দাবি ও চাপসৃষ্টি করে আসছিলেন আগে থেকেই। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রতিমন্ত্রী আজকের মিটিংয়ে বেনজির ও বিকল্প এ সিদ্ধান্ত দেন।

তাবলিগের ওই সূত্রটি আরও জানিয়েছে, চারদিনের ইজতেমায় প্রথম দুইদিন উলামাপন্থী তাবলিগিরা নেতৃত্বে থাকবেন। ১৫ তারিখ ইজতেমা শুরু হলেও পূর্বের নিয়মানুযায়ী ১৪ তারিখ সাথিরা ময়দানে জুড়ে যাবেন। উলামাপন্থীরা ১৭ তারিখ বাদ ফজরের বয়ান পর্যন্ত ইজতেমার নেতৃত্ব দেবেন। তারপর সকাল ৭টা থেকে নেতৃত্ব যাবে সাদপন্থী তাবলিগিদের হাতে। তারা ১৮ তারিখ বাদ ফজরের আখেরি মোনাজাত পর্যন্ত ইজতেমা পরিচালনা করবেন।

উভয় পক্ষই যার যার নেতৃত্বের দিন স্বাধীনভাবে ইজতেমা পরিচালনা করতে পারবেন। যার যার পছন্দমতো মেহমানের মাধ্যমে বয়ান করাতে পারবেন। তবে মাওলানা সাদ সাহেব না-আসার ব্যাপারে পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন আলেমপন্থী তাবলিগিদের সাথি মাওলানা ওয়াসিফুল আমীন।

আগের সংবাদমাদক মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদস্ত্রী বিসিএস ক্যাডার, বেকার স্বামীর ‘আত্মহত্যা’