গ্যাটকো মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

ফাতেহ ডেস্ক

গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে আলিয়া মাদ্রাসা মাঠ আদালতে তাকে হাজির করা হয়।

গত ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে একই আদালতে হাজির করা হয়েছিল। ওইদিন খালেদা জিয়া আদালতে বসা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। বিচারকের উদ্দেশে তিনি বলেছিলেন- আমাকে সাজা দিতে চাইলে দিয়ে দেন, আমি আর এই আদালতে আসব না।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা। তাদের মধ্যে ছয় আসামি মারা গেছেন।

২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো, এমকে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা আহমেদ আবুল কাশেম এর মৃত্যুর পর এই মামলায় বর্তমান আসামির সংখ্যা ১৭ জন।

আগের সংবাদকেউ খালি হাতে যাবেন না, সবার কথাই শুনব : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদস্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি