
ফাতেহ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দেশের ৬ জেলায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। মুন্সিগঞ্জের গজারিয়ায় দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়।
পুলিশ জানায়, ঢাকা যাওয়ার পথে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কারে থাকা সিদ্দীকুর রহমান এবং তার স্ত্রী জিয়াসমিন সুলতানা।
আহত গাড়ি চালক আব্দুল্লাহ সরকারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের কাঁঠাল এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী এবং নওগাঁর বাইপাস সড়কে পিকনিকের বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়। এ সময় পিকনিকের ৩টি বাস ভাঙচুর করে স্থানীয়রা। এদিকে খুলনা, রংপুর এবং দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
