
ফাতেহ ডেস্ক
মানিকগঞ্জে ডাক বাংলাতে আটকে রেখে এক নারীকে ধর্ষণে দুই পুলিশের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। এ ঘটনায় সাটুরিয়া থানায় দুই এসআইয়ের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেন ওই নারী। এর পরপরই তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ তাদের আদালতে তোলা হবে।
সোমবার রাতেই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। দ্রুত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামিম জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তদন্ত কমিটি ঘটনা খতিয়ে দেখে।
লিখিত অভিযোগে ওই নারী জানান, পাওনা টাকা নিতে বুধবার তিনি খালার সঙ্গে সাটুরিয়া থানার এসআই সেকান্দার হোসেনের সঙ্গে কথা বলতে যান। এক পর্যায়ে সেকান্দার তাদের সাটুরিয়া ডাক বাংলোতে নিয়ে যান।
সেখানে আরেক পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলামের সহায়তায় ওই নারী ও তার খালাকে আলাদা ঘরে আটকে রাখা হয়। পরে অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করে ধর্ষণ করা হয় তাকে।
