
স্বাভাবিকভাবে একজন গর্ভবর্তী মা একজন সন্তান জন্ম দিয়ে থাকেন। প্রাণী জগতে একাধিক সন্তান জন্ম দেবার ঘটনা স্বাভাবিক হলেও মানব সমাজে এটা বিরল। কখনো কখনো দুই সন্তান হন্ম দেবার ঘটনাও শোনা যায়। তিনজন বা চারজন জন্ম দিলে তাকে প্রায় অলৌকিক বলেই ব্যাখ্যা করা হয়, যা অনেক দিন পর পর ঘটে থাকে। তবে রাজধানীতে গতকাল (সোমবার) ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে দুই নারী সাত নবজাতকের জন্ম দিয়ে একই দিনে দুই বিস্ময়ের সৃষ্টি করেছেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রপচারের মাধ্যমে সনিয়া আক্তার চারজন ও সোমবার বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুন নামে এক নারী স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম দিয়েছেন। বর্তমানে দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, সনিয়া আক্তারের ৪জন নবজাতকের মধ্যে ৩জন ছেলে ও একজন কন্যাশিশু। সুইটি খাতুনের ৩ নব জাতকের মধ্যে দুই জন কন্যা ও একজন ছেলে।
এদিকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম নেয়ার খবর শুনে রাত ১২ টার দিকে সেখানে ছুটে আসেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব প্রিন্সিপাল ডা. এমএ আজিজ।
এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
