
ফাতেহ ডেস্ক
বড় ধরণের পরাজয়ের ভয়ে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির অফিসে সম্পাদকমন্ডলির বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগও দলটিকে নিষিদ্ধ করার পক্ষে।
আগামী ১০ মার্চ শুরু হতে যাচ্ছে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন। নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীকে লড়তে পারবে বলে সিদ্ধান্ত আওয়ামী লীগের। তবে ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখতে চায় দল। উপজেলা নির্বাচনকে মূল এজেন্ডা ধরে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনের ভরাডুবির পর উপজেলা নির্বাচনে অংশ নিতে সাহস পাচ্ছে না বিএনপি।
জামায়াত প্রসঙ্গে কাদের বলেন, দলটিকে নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগ। কিন্তু আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।
তিনি বলেন, জামায়াত নতুন নামে দল গঠন করবে বলে শোনা যাচ্ছে। কিন্তু আদর্শগত অবস্থান পরিবর্তন না করে দল গঠন করলে জনগণ আবারও প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
