
ফাতেহ ডেস্ক
নয়াদিল্লি যদি আক্রমণ করে তাহলে ইসলামাবাদ পাল্টা জবাব কঠিনভাবে দেবে–এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইমরান খান বলেন, কাশ্মীরের পুলওয়ামা হামলায় ৪৪ সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই। হামলায় ভারতের কাছে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ দাবি করেন ইমরান খান। তিনি বলেন, এ হামলার জেরে ভারত পাকিস্তানে সেনা অভিযান চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা বহরে হামলার পর, এই প্রথম কোনো বিবৃতি দিলেন ইমরান খান।
গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামা হামলার ইন্ধনদাতা হিসেবে পাকিস্তানকে দায়ী করেন। মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়, এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।
এদিকে, মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে- কাশ্মিরে কেউ অস্ত্র হাতে নিলেই তাকে গুলি খেতে হবে।
