
ফাতেহ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী হামলার পর থেকে পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এই উত্তপ্ত সম্পর্কের মধ্যেই পাকিস্তানের একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় গানে ভারতের পতাকা নিয়ে নাচলো এক দল খুদে পড়ুয়া। আর এ কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে করাচির ওই স্কুলের।
বেশ কয়েকদিন আগে এই ঘটনা ঘটলেও খবর সামনে আসে যখন ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির ‘মামা বেবি কেয়ার কেমব্রিজ স্কুলে’স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই ঘটনাটি ঘটে। পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি প্রচারের অভিযোগে ডিরেক্টরেট অফ ইন্সপেকশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ প্রাইভেট ইন্সটিটিউশন সিন্ধ (ডিআইআরপিআইএস) ওই স্কুল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ দিয়েছে।
ডিআইআরপিআইএস-এর রেজিস্ট্রার রাফিয়া জাভেদ বলেছেন, ‘পাকিস্তানের স্কুলে ভারতীয় সংস্কৃতির প্রচার পাকিস্তানের জাতীয় মর্যাদার পরিপন্থী। পাকিস্তানের মর্যাদা ক্ষুণ্ণ হবে এ রকম কোনো কাজ বরদাস্ত করা হবে না।’
তবে ওই স্কুলের ভাইস-প্রিন্সিপাল ফাতিমা বলেছেন, ‘বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীদের ধারণা তৈরি হয় সে জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
অনুষ্ঠানে ভারত ছাড়াও সৌদি আরব, মিশর, আমেরিকা, পাকিস্তান ও অন্যান্য দেশের সংস্কৃতিও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
