৫০০ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে আমিরাত

ফাতেহ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চলছে পাঁচ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী, যা শেষ হবে আগামী বৃহস্পতিবার। আর এই প্রদর্শনী থেকে ৫০০ কোটি ডলারেরও বেশি সমরাস্ত্র কেনার অর্ডার দেবে আবুধাবি।

খবরে বলা হয়েছে, গতকাল সোমবার প্রদর্শনীর দ্বিতীয় দিন দেশটি আমেরিকার কাছ থেকে ১৮০ কোটি ডলারের সমরাস্ত্র কিনেছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার একটি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে অস্ত্র কেনার লক্ষ্যে আরো ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের চুক্তি করেছে দেশটির সেনাবাহিনী।

প্রদর্শনীর মুখপাত্র জেনারেল মোহাম্মাদ আল-হাসানি জানিয়েছেন, মার্কিন সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রেথিয়ন-এর কাছে থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ১৮০ কোটি ডলারের চুক্তি সই করেছে তার দেশ।

সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ‘দ্যা নেশন’র বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, পাঁচদিনের সমরাস্ত্র প্রদর্শনী থেকে দেশটি মোট ৫০০ কোটি ডলারেরও বেশি মূলের অস্ত্রসস্ত্র কিনতে যাচ্ছে।

এদিকে, চলমান ইয়েমেন যুদ্ধের মধ্যেই এত সমরাস্ত্র কেনায় বিশ্লেষকরা বলছেন, এসব অস্ত্র ইয়েমেনের নিরাপরাধ মানুষের ওপর ব্যবহার করা হতে পারে।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হোথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে যে যুদ্ধ পরিচালনা করে আসছে তার অন্যতম পার্টনার সংযুক্ত আরব আমিরাত।

আগের সংবাদপাকিস্তানি স্কুলে ভারতীয় গান, রেজিস্ট্রেশন বাতিল
পরবর্তি সংবাদচমকে দিয়ে দিল্লিতে সৌদি যুবরাজ