
ফাতেহ ডেস্ক ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক ছাত্রসংগঠনের অংশ নেয়ার বাধা তুলে নেয়ায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সবগুলো প্রধান ছাত্র সংগঠন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ বিষয়ে কোনো সংগঠন লিখিত অভিযোগ দিলে পদক্ষেপ নেয়া হবে।
ডাকসু নির্বাচনের তফসেল ঘোষণার আগে সব ছাত্রসংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। এসব বৈঠকে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পরে নির্বাচনের আচরণবিধিতে আর বিষয়টি যুক্ত হয়নি।
এদিকে ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোকে ডাকসুতে অংশগ্রহণের জন্য বহু টালবাহানার পর অনিুমতি দেয়া হয়। এরই মধ্যে এই নির্বাচনে মনোনয়ন ফরম নিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মধুর ক্যান্টিনেও নিয়মিত বসার পাশাপাশি ক্যাম্পাসে চলছে তাদের প্রচার।
ধর্মভিত্তিক সংগঠনের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ায় ক্ষুব্ধ ছাত্রলীগ, ছাত্রদল ও বাম সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আবাসিক হলগুলোতে চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
