চকবাজার উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

ফাতেহ ডেস্ক

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এরপর পুড়ে যাওয়া আবর্জনা সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ৬৬, নারী ৭ ও ৫ শিশু রয়েছে। এ ঘটনায় অর্ধ-শতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা বলছেন, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। সেই কারণেই এতো দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সা‌র্ভিসের ৩৭টি ইউ‌নিট কাজ করে রাত তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর মরদেহ উদ্ধারে অভিযান চালানো হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭টি লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মর্গে থাকা লাশের ময়না তদন্ত চলছে। এখন পর্যন্ত ২৮টি মরদেহ শনাক্ত করা হয়েছে। এছাড়া যেসব মরদেহ পুড়ে যাওয়ার কারণে শনাক্ত করা সম্ভব নয়, সেগুলোর ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চকবাজারের ট্রাজেডির এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে বিবিসি, রয়টার্স, আল জাজিরা, এএফপি, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। সময় বাড়ার সাথে সাথে আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল।

আগের সংবাদযুদ্ধের জন্য কতটা প্রস্তুত পাকিস্তান-ভারত?
পরবর্তি সংবাদনিহত শ্রমিকদের পরিবার পাবে ১ লাখ টাকা