সিগারেটের আগুনে ৩০০ গাড়ি পুড়ে ছাই

ফাতেহ ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিনশ গাড়ি। যদিও দমকল বাহিনী ও বিমান বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বলছেন, উন্মুক্ত মাঠে ঘাসের ওপর ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।

আজ শনিবার বেঙ্গালুরুর ইলাহাঙ্কা বিমানঘাঁটিতে বিমানবাহিনীর প্রদর্শনী এরো ইন্ডিয়া-২০১৯ চলার সময় দুপুর ১টা নাগাদ ৫ নম্বর গেটের কাছে পার্কিং এলাকায় আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩০০ গাড়ি।

বিমানবাহিনী ও দমকল বাহিনীর বরাত দিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তা এমএন রেড্ডি বলেছেন, মাটিতে লম্বা ও শুকনো ঘাস এবং প্রবল বাতাস থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি আগুনে ইন্ধন জোগায় গাড়ির জ্বালানি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও কর্মকর্তারা ধারণা করছেন, কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে।

কয়েক দিন আগে এরো শো-এর প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন বিমানবাহিনীর এক উইং কমান্ডার। গত ১৯ ফেব্রুয়ারিও ওই দুর্ঘটনায় দুটি বিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে, পার্কিং এলাকায় আগুন লাগার পরই শো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেইসঙ্গে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয় দর্শকদের।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত বুধবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ওই এয়ার শো আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।

আগের সংবাদচিকিৎসককে ধরে নিয়ে হত্যা করলো রোহিঙ্গা ডাকাতদল
পরবর্তি সংবাদআনতারার উদ্যোগে কবি আল মাহমুদ স্মরণে আলোচনাসভা ২৪ ফেব্রুয়ারি