এবার নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব

ফাতেহ ডেস্ক

নারীস্বাধীনতা ও নারীর ক্ষমতায়নের নামে চলমান সৌদি আরবের নানা ধরনের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাজপরিবারের এক নারী। তার নাম প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সাউদ। তাকে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার রাজকীয় এক ডিক্রিতে এ ঘোষণা দেয়া হয়। খবর অনলাইন বিবিসি’র।

প্রিন্সেস রিমা ওই দায়িত্ব গ্রহণ করবেন সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোটভাই প্রিন্স খালিদ বিন সালমানের কাছ থেকে। প্রিন্স খালিদকে নিয়োগ করা হয়েছে দেশের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী।

উল্লেখ্য, প্রিন্সেস রিমা তার পিতা বন্দর বিন সালমান আল সাউদের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাষ্ট্রে দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পিতা বন্দর এ পদে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেছেন ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত।

পিতার এই দায়িত্ব পালনের কারণে প্রিন্সেস রিমাকে তার শৈশবের বেশির ভাগ সময় কাটাতে হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে তিনি অর্জন করেছেন জাদুঘর বিষয়ক পড়াশোনায় ব্যাচেলর অব আর্টস ডিগ্রি। ২০০৫ সালে রিয়াদে ফিরে আসার পর তিনি সরকারি ও বেসরকারি খাতে কাজ করেছেন। বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে।

 

আগের সংবাদপরকীয়ায় সাজার আইন নিয়ে রিটের শুনানি ৫ মার্চ
পরবর্তি সংবাদজলবায়ু পরির্বতন মোকাবিলায় তহবিল না আসায় হতাশা