
ফাতেহ ডেস্ক
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন৷ কিন্তু ওই এলাকার অনেক ভোটার তা জানেনই না৷ আর যারা জানেন তাদের মধ্যেও নির্বাচন নিয়ে নেই তেমন আগ্রহ৷
মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে৷ সেখানকার বাসিন্দা ফখরুল ইসলাম৷ তিনি বলেন উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন কবে? ভোটের তারিখ আমি জানিনা৷ তবে শুনেছি ভোট হবে, জবাব দেন ফখরুল৷ কোনো প্রার্থী আমাদের এলাকায় ভোট চাইতে আসেননি৷ আর আমাদের এলাকায় কোনো মিছিল মিটিংও এখন পর্যন্ত আমার চোখে পড়েনি৷
শক্ত বিরোধী দল না থাকায় এই ভোট নিয়ে আগ্রহ কম বলে মনে করেন তিনি৷ ‘‘নির্বাচনে যেহেতু বিরোধী দল বিএনপি নেই তাই কোনো লড়াই হচ্ছেনা৷ ফলে প্রার্থীদেরও তৎপরতা নেই৷ ভোটারদেরও আগ্রহ নেই,” বলেন তিনি৷
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরেক বাসিন্দা রেজাউল করিম পাটোয়ারী৷ তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি আমাদের এলাকার সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ আমি এই নোটিশ পাওয়ার পর জানতে পেরেছি ২৮ ফেব্রুয়ারি নির্বাচন৷ অনেকেই এভাবে জেনেছেন৷ আর সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আমি কোনো আগ্রহ দেখছিনা৷ কিছু পোস্টার চোখে পড়েছে এই যা৷ কোনো মিছিল বা মিটিং আমার চোখে পড়েনি৷
