
ফাতেহ ডেস্ক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানে ‘বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদীর পরিচয় পাওয়া গেছে। তার ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে করতে গিয়ে দেখা গেছে র্যাবের ক্রিমিনাল ডাটাবেজের এক অপরাধীর তথ্যের সঙ্গে মাহাদীর মিল রয়েছে।
র্যাবের পরিচালক লিগাল অ্যান্ড (মিডিয়া) মুফতি মাহমুদ খান আজ সোমবার একথা জানিয়েছেন।
ডাটাবেজের তথ্য অনুযায়ী, তার নাম মো. পলাশ আহমেদ। তার বাবার নাম পিয়ার জাহান সরদার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুরে তার বাড়ি। এ ছাড়া ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) যাত্রী তালিকা অনুযায়ী, পলাশ আহমেদ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। তাঁর নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH। সিট নম্বর ১৭এ।
রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা শুধু বলেছিলেন, নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’, তার বয়স ২৬/২৭ বছর। তার বিস্তারিত পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য সে সময় তারা জানাতে পারেননি।
তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য পলাশ আহমেদের নাম র্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে যুক্ত করা হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। সেনা কমান্ডোদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ।
বিমানবন্দর সূত্রে জানায়, ঢাকা থেকে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।
