
ফাতেহ ডেস্ক
অভিনন্দন ফিরে আসার পরদিনই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সশস্ত্রবাহিনী পাল্টাপাল্টি গোলাবর্ষণ করে। এতে অন্তত সাতজন নিহত হন।
এনডিটিভি জানায়, পাকিস্তানের হামলায় ভারতের একই পরিবারের তিনজন নিহত হয়। আর ডন জানিয়েছে, ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের মোট চারজন নিহত হয়। ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই মোহাম্মদের আত্মঘাতী হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর পর গত বুধবার বিমানযুদ্ধের সময় পাকিস্তানের হাতে ভারতের বিমানবাহিনীর বৈমানিক অভিনন্দন ধরা পড়লে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।
পাল্টাপাল্টি বিমান হামলায় উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতায় কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করে ভারত ও পাকিস্তান। বিমান হামলা চালাতে গিয়ে আটক ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়ার দিন শুক্রবার রাতে দুই দেশই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পরস্পর গোলাবর্ষণ করে।
ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে দুই শিশু ও এক নারীসহ একই পরিবারের তিনজন নিহত ও অনেকে আহত হয়। অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি ভারতীয় গোলার আঘাতে কাশ্মীরের এক তরুণ নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার আনন্দকে উদ্ধৃত করে জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানের গোলাবর্ষণে আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সালতোরি ছাড়াও মানকোট, বালাকোট ও নওশেরা এলাকায়ও গোলাবর্ষণ হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ।
নিজস্ব সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মানকোট, বালাকোট এবং সংশ্লিষ্ট এলাকায় সন্ধ্যা ৬টার দিকে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। আর নওশেরা এলাকায় গোলাবর্ষণ শুরু হয় বিকাল ৪টার কিছু পরে। তবে পার্শ্ববর্তী উরি এলাকায় গোলাবর্ষণ শুরু হয় বেলা ১২টার দিকে। এসব গোলাবর্ষণে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দেয় সংবাদমাধ্যমটি। এ ছাড়া অনেকেই এসব এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য আরও ভেতরের দিকে চলে যাচ্ছে বলেও জানানো হয়েছে ওই খবরে।
এদিকে পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি জেলার ডেপুটি কমিশনার ড. ওমর আজম জানিয়েছেন, শুক্রবার ভারতীয় বাহিনীর ‘নির্বিচার গোলাবর্ষণে’ এক তরুণ নিহত ও অপর তিনজন আহত হয়। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও বিকাল থেকে কোটলি জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোটলির নাকিয়াল বাজারে ভারতীয় গোলাবর্ষণে ঘটনাস্থলে নিহত হন সেখানে দাঁড়িয়ে থাকা ১৯ বছর বয়সী তরুণ মোহাম্মদ সুধীর। জেলার তত্ত্ব পানি এবং গোই সেক্টরে আহত হন আরও তিন ব্যক্তি।
