
ফাতেহ ডেস্ক
আগামীকাল ৮ মার্চ (শুক্রবার) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয়া হয়েছে। গত ৩রা মার্চ (রবিবার) জাতীয় সংসদে মাদরাসা শিক্ষাকে বিষবৃক্ষের সাথে তুলনা, ইসলামি অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ এবং হেফাজত আমির আল্লামা শফীসহ আলেমসমাজকে কটাক্ষ করায় রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল, তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে এ বিক্ষোভের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন হেফাজত ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি বলেন, সরাসরি হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশেই ঢাকা মহানগর হেফাজত এই কর্মসূচী পালন করবে।
আল্লামা নূর হোসাইন কাসেমী ঢাকা ও ঢাকার পাশ্ববর্তী জেলার হেফাজতের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আগামীকাল বায়তুল মুকাররম উত্তর গেট থেকে হেফাজতের এই বিক্ষোভ মিছিল কর্মসূচী শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করতে দলে দলে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
এদিকে এ বিক্ষোভ-কর্মসূচিতে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
