নির্বাচনে জেতার জন্যই যুদ্ধের দামামা বাজিয়েছেন মোদি : ইমরান

ফাতেহ ডেস্ক

ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে জয় লাভ করার জন্যই যুদ্ধের দামামা বাজিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলে দেয়া এক ভাষণে এমনটি বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ভাষণে ইমরান খান বলেন, ক্ষমতায় আসার পরেই তিনি মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন শান্তির জন্য একসঙ্গে কাজ করতে, কিন্তু তিনি রাজনৈতিক ফায়দা লুটার জন্য যুদ্ধ চাচ্ছেন। ভারত সরকারের সমালোচনা করে ইমরান বলেন, পুলওয়ামা হামলার পর ভারত সরকার কাশ্মীরের জনগণের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে।

ইমরান বলেন, ভারত যদি কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং জনগণ উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের মাটিতে কোনো সন্ত্রাসবাদী কার্যক্রম চলতে দেয়া হবে না জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, আপনারা এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে পাবেন। আমরা এখন থেকে কোনো অসাধু গোষ্ঠীকেই আমাদের দেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালাতে দেব না।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন জওয়ান নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায় ভারত।

পাকিস্তান কোনো অসাধু গোষ্ঠীদের মদদ দেয় এমন অভিযোগ তুলে করা ওই হামলার ঠিক একদিন পর পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে একজন পাইলটকে আটক করে।

আটকের প্রায় দুইদিন পর প্রধানমন্ত্রী ইমরান খানের ‘শান্তি প্রতিষ্ঠার নিদর্শন’ হিসেবে পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। তারপর উত্তেজনা কমে গেলেও দুই দেশের মধ্যে কথার লড়াই এখনো চলছে।

আগের সংবাদসদরঘাটে নৌকাডুবির ঘটনায় ৫ লাশ উদ্ধার
পরবর্তি সংবাদ‘প্রথম মুসলিম হজরত খাদিজা ব্যবসা করতে পারলে আমাদের মেয়েরা কেন ব্যবসা করতে পারবেন না?’