
ফাতেহ ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের জানালার গ্রিল কেটে আড়াই মাস বয়সী এক শিশুকে চুরি করার পর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। শিশুটি উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটির বাবা সোহাগ হাওলাদার পেশায় একজন দলিল লেখক। তিনি বলেন, রোববার রাত পৌনে ৩টার দিকে শিশুছেলে কান্নাকাটি শুরু করলে আমি ও আমার স্ত্রী ঘুম থেকে জেগে তাকে ওষুধ খাওয়াই। ওষুধ ধাওয়ার পর ছেলে তার মায়ের বুকের দুধ খেতে খেতে তার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আমরাও ঘুমিয়ে পড়ি।
সোহাগ হাওলাদার বলেন, রাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি বিছানায় আমার ছেলে ও আমার ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট নেই। আমরা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দেখি আমার শোবার ঘরের জানালার গ্রিল কেটে নিচে নামিয়ে রাখা এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ।
মুক্তিপণ দাবির বিষয়ে তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার ছোটভাইয়ের মুঠোফোনে আমার অপহৃত ছেলেকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আমাদের তিনটি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
