নরসিংদিতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫জন

ফাতেহ ডেস্ক

নরসিংদীর শিবপুরে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীকে আটকের পর তার সঙ্গীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ওই পাঁচজন গুলিবিদ্ধ হন।

সোমবার রাতে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ঘাগটিয়া গ্রামের আবদুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও রিনা বেগম (২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা জানান, রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের গুলিতে পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী রহমানকে আটক করা হয়। তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশ একজনকে আটক করে ঘুষের টাকার জন্য দর কষাকষি নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আগের সংবাদভিপি পদ পুননির্বাচনের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ
পরবর্তি সংবাদখেলাফত বিলুপ্তির একশো বছর, পতনের সঙ্কটকে ইসলামী জ্ঞানতত্ত্ব কীভাবে দেখে?