হাসপাতালে চিকিৎসকদের আলাদা করে রোগী দেখার ব্যবস্থা রাখার নির্দেশ

ফাতেহ ডেস্ক

সরকারি সব হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা করে রোগী দেখার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশও দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে গেল মাসের শুরুতে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী। এর প্রেক্ষিতে সেসময় চিকিৎসকদের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করতে স্বাধীন কমিশন গঠনের আদেশ দেয় হাইকোর্ট।

মঙ্গলবার এক সভায় চিকিৎকদের রোগী দেখার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী জানান, এখন থেকে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের জন্য আলাদা চেম্বার করতে বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, নার্স ও রোগীদের সুবিধায় হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, কিডনি, হার্ট, ক্যান্সার ও পক্ষাঘাতগ্রস্তদের জন্যও আলাদা ব্লক তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় সড়ক বিভাগের তিনটি প্রকল্পসহ ২ হাজার ৬৫০ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে।

আগের সংবাদরোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সতর্ক করলো জাতিসংঘ
পরবর্তি সংবাদবাসচাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ