
ফয়সাল ফয়জী
ইতিহাস ঐতিহ্যের পুরান ঢাকা ময়লা-আবর্জনা,দুর্গন্ধ ও যানজটের চক্রে পরিণত হয়েছে।
পুরান ঢাকার বাণিজ্যিক কেন্দ্রগুলিকে ঘিরে ঘন্টার পর ঘন্টা যানজটের উপস্থিতি যেন নিত্যদিনের রীতি হয়ে দাঁড়িয়েছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের কারণে পুরান ঢাকার রাস্তাগুলিতে হাঁটতে দম বন্ধ হয়ে আসে। বর্ষার মৌসুমে রাস্তাগুলোর অবস্থা আরো নাজেহাল হয়ে দাঁড়ায়। জলাবদ্ধতা, ছোট বড় গর্ত ও কাদার কারণে রাস্তাগুলো যেন পরিণত হয় মরণ ফাঁদে!
নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র চকবাজারের আশপাশের রাস্তাঘাটের অবস্থা আরো ভয়াবহ। সাধারণ মানুষ,পথচারী ও শিক্ষার্থীদের দীর্ঘদিন থেকেই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে।আধঘণ্টার পথ যেতে তিন ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ নিয়ে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার শিক্ষার্থী মাহফুজুর রহমানের সাথে কথা বললে তিনি ফাতেহকে বলেন, “আমার বাসা মিডফোর্ট। সেখান থেকে লালবাগে সকাল ১০টায় আমাকে ক্লাশ করতে হয়। কিন্তু যানজট ও জলাবদ্ধতার কারণে ২০ মিনিটের পথ দু’ঘন্টার মত লেগে যায়। ফলে মাঝে মাঝে ঠিক সময়ে পৌছা সম্ভব হয়না”
আমরা পুরান ঢাকার পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা ফাতেহকে জানান, গত দু’বছর অধিক হারে বৃষ্টি বর্ষণ, যত্রতত্র গাড়ী পার্কিং ও অবৈধ দখলদারিত্বের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে, আগামী এক বছরের মধ্যে যানজট নিরসন এবং অবৈধ দখলদারিত্ব মুক্ত করে মৃত্যুমুখী পুরান ঢাকাকে উদ্ধার করা হবে বলে তারা কে আশ্বস্ত করেন।
