
ফাতেহ ডেস্ক
ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু হয়, সরকার সে চেষ্টাই করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে নব নির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা দেখা করতে গেলে এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ডাকসু নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে, কোনো সহিংসতা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া ছিল। ভিপি পদে ছাত্রলীগপ্রার্থী না জিতলেও, ফল মেনে নিতে বলা হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, ছাত্রদের মধ্য থেকেই আসবে ভবিষ্যৎ নেতৃত্ব। সেজন্যই স্কুল পর্যায়েও কেবিনেট নির্বাচন হচ্ছে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন শেখ হাসিনা।
কোটা আন্দোলনের সময় যুক্তি দিয়ে বোঝানো উচিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই উপাচার্যের বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়।
