
ফাতেহ ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটো মসজিদে গত ১৫ মার্চ জুমআর নামাজ আদায়ের জন্য সমবেত মুসলমানদের উপর খৃষ্টান জঙ্গি গ্রুপের চালানো ইতিহাসের নিকৃষ্টতম বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বৃহত্তর সাভার আশুলিয়ার সর্বস্তরের আলেমদের সংগঠন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার উদ্যোগে গতকাল বিকেল তিনটায় সাভার বাসস্ট্যান্ডে রানাপ্লাজা সংলগ্ন আর এস টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাভারের প্রবীণ আলেমে দীন মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল হাসান বিন নূরী ও মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন
ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল, ঐতিহ্যবাহী যাদুরচর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। তিনি বলেন, নিউজিল্যান্ড সহ সমগ্র বিশ্বের মুসলমানরা আমাদের দেহের একটা অংশ। তাদের উপর আঘাত আসলে আমরা বসে থাকতে পারিনা। ইহুদি খৃস্টানরা নব্য ক্রুসেড শুরু করে দিয়েছে। এখনও যদি আমরা জেগে না উঠি তবে ক্রমান্বয়ে ওরা আমাদেরকেও আঘাত করবে। কে হানাফী কে সালাফী এটা দেখার সময় নাই। ওদের নব্য ক্রুসেডকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে না পারলে আমাদের জন্য আরও করুণ পরিস্থিতি অপেক্ষা করছে।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, মুসলমানদের চরম এ ক্রান্তিকালে কুরআন সুন্নাহর আলোয় উদ্ভাসিত হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নাই।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক কলোনী মাদরাসার প্রিন্সিপাল বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন মাও. আবদুল্লাহ বলেন, ইতিহাসের নিকৃষ্টতম এ হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইহুদি খৃস্টানরাই জঙ্গি ও সন্ত্রাসী। তিনি মসজিদে হামলা করে অর্ধশতাধিক মুসলমানকে নির্মমভাবে হত্যাকারী খৃস্টান জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
আরও বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা আনওয়ার হোসাইন কাসেমী, মাওলানা আব্দুর রশীদ, মুফতী আবদুল্লাহ ফিরোজী, মুফতী শহীদুল ইসলাম জাফরী প্রমুখ উলামায়ে কেরাম।
পরে বিশাল একটি মিছিল ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
