
ফাতেহ ডেস্ক
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক সভায় এ ঘোষণা দেন আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পক্ষ থেকে অভিযান আরো জোরদার করা হচ্ছে। রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে দেয়া হবে না। লাইসেন্স ছাড়া ও অপ্রাপ্তবয়স্ক গাড়ি চালালে, কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, শুধু চালক ও হেলপারই নয়, পরিবহন মালিকদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্যকারী পথচারীদের উদ্দেশ্যে আছাদুজ্জামান মিয়া বলেন, ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি দেয়া হবে।
